প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ২০:২২ (বৃহস্পতিবার)
বুথফেরত জরিপ উড়িয়ে দিলেন মমতা

ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশের পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

ভিডিও বার্তায় মমতা বলেন, ‘তৃণমূল ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে।’ এতে গত নির্বাচনে দলটির অর্জিত ২১৫ আসনের রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে দাবি করেন তিনি।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপিও। বৃহস্পতিবার কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শক্তিশালী ফলাফলের আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের লাখো কর্মীর কঠোর পরিশ্রমের ফলে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে।’

বুথফেরত জরিপগুলো অবশ্য পশ্চিমবঙ্গে বিভক্ত ফলাফলের ইঙ্গিত দিয়েছে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হলেও কয়েকটি জরিপে তৃণমূলের জয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
একাধিক সমীক্ষার গড় অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ও তৃণমূল উভয়েই প্রায় ১৪৫টি করে আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৪টি আসন।

চাণক্য স্ট্র্যাটেজিসের জরিপে বিজেপিকে ১৫০-১৬০ এবং তৃণমূলকে ১৩০-১৪০ আসন দেওয়া হয়েছে। ম্যাট্রাইজের পূর্বাভাসে বিজেপি ১৪৬-১৬১ এবং তৃণমূল ১২৫-১৪০ আসন পেতে পারে বলে বলা হয়েছে।

এছাড়া পি-মার্কের জরিপে বিজেপিকে ১৫০-১৭৫ এবং তৃণমূলকে ১১৮-১৩৮ আসন দিয়ে বড় ব্যবধানের ইঙ্গিত দেওয়া হয়েছে। জেভিসির সমীক্ষায়ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও বিজেপিকে ১৩৮-১৫৯ আসনে এগিয়ে রাখা হয়েছে; যেখানে তৃণমূলের জন্য ধরা হয়েছে ১৩১-১৫২টি আসন।

তবে ব্যতিক্রমী পূর্বাভাস দিয়েছে পিপলস পালস। সংস্থাটি তৃণমূল কংগ্রেসের জন্য ১৭৮-১৮৭ আসনের একচেটিয়া জয়ের সম্ভাবনা দেখিয়েছে। একই জরিপে বিজেপির জন্য ৯৫-১১০ এবং অন্যদের জন্য ২-৩টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এখন ভোট গণনার দিনই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের মসনদে কারা বসছে- তৃণমূল নাকি বিজেপি।