ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাছ থেকে একটি সরকারি শর্টগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তবে ঘটনার প্রায় চার ঘণ্টা পর শুক্রবার (১ মে) ভোরে ঘটনাস্থলের পাশের একটি বেলগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা এক কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
খবর পেয়ে থানা ও পুলিশ ফাঁড়ির অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলের পাশেই একটি বেলগাছের নিচ থেকে ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”