ছবি: শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার রক্ষা, শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করতে সরকার-মালিক-শ্রমিক সমন্বিতভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১ মে) সকালে মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। শ্রমিকদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শোভন কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপের ফলে গত ঈদুল ফিতরের আগে দেশের শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। বেতন, বোনাস ও ছুটি সময়মতো নিশ্চিত হওয়ায় শ্রমিকরা নিরাপদে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগাম প্রস্তুতির কথাও তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের গঠনমূলক সহযোগিতা থাকলে এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানের মধ্যভাগে মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ৮টায় মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শ্রম সচিব মো. আব্দুর রহমান তালুকদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, কারখানা মালিক, শ্রমিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।