প্রকাশিত : ০১ মে, ২০২৬ ২০:১২ (শনিবার)
বদলে গেছেন সিদ্দিক

ছবি: অভিনেতা সিদ্দিকুর রহমান।

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গ্রেফতারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন তিনি। তবে এই সময়টিকে শুধুমাত্র বন্দিদশা হিসেবে না দেখে নিজেকে বদলে নেওয়ার সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের কারাজীবন, মানসিক পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সিদ্দিক।

তিনি বলেন, কারাগারে দীর্ঘ সময় থাকায় নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন। আগে ধর্মীয় অনুশীলনে নিয়মিত না থাকলেও জেলে গিয়ে নিয়মিত কুরআন তিলাওয়াত এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন।

সিদ্দিকের ভাষায়, ‘আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। কিন্তু কারাগারে গিয়ে নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত শুরু করি। আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় কারাভোগ শেষে গত ১৮ মার্চ মুক্তি পান তিনি। কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান এই অভিনেতা।

তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে, আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।’

কারাগারে থাকাকালীন সৃজনশীল কাজও চালিয়ে গেছেন সিদ্দিক। বন্দি অবস্থায় তিনি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন বলে জানান।

তবে মুক্তি পাওয়ার পরও কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে স্বীকার করেন অভিনেতা। তার ভাষ্য, এখনো শারীরিক ও মানসিকভাবে কারাগারের নিয়ম-শৃঙ্খলার প্রভাব অনুভব করেন।

বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন জানিয়ে সিদ্দিক বলেন, কারাগারে লেখা গল্পগুলো নিয়ে শিগগিরই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।