ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৩০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ তড়িঘড়ি করে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে এবং নির্ধারিত শর্ত সাপেক্ষে তাদের যোগদান করানো হবে।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে, সেগুলো মেনে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের যোগদান সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সফার (স্থানান্তর) প্রক্রিয়া শিগগিরই চালু করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কমিটি গঠনের কাজ চলছে।
অনুষ্ঠানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালকদের বিভাগে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে জয় পায় কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়।
বালিকাদের খেলায় সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে বিজয়ী হয় আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরে শিক্ষামন্ত্রী স্ত্রী নাজমুন নাহার বেবী ও কন্যা তানজিনা নাহার হককে সঙ্গে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ স্থানীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।