ছবি- বিএনপি মিডিয়া সেল
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকাল ১০ টায় তিনি আকাশপথে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইউএসবাংলার (এটিআর ৭২-৬০০) বিশেষ বিমানযোগে তিনি সিলেটে অবতরণ করেন। এসময় তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ছিলেন।
প্রচন্ড বৃষ্টির মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ। নির্বাচনের আগে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সেই জনসভায় তিনি ধানের শীষে ভোট চেয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।
সফরসূচী অনুযায়ী আজ দিনভর তিনি সিলেটে নানা কর্মসূচীতে অংশ নেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। সড়ক মেরামত, ডিভাইডারে বৃক্ষরোপণ ও রং করার কাজ শেষ হয়েছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করে নগরকে পরিচ্ছন্ন রাখা হয়েছে। সফরকে কেন্দ্র করে সর্বত্রই প্রস্তুতির ছাপ দেখা যাচ্ছে।