প্রকাশিত : ০২ মে, ২০২৬ ১১:০৯ (শনিবার)
সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’

সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যার সমস্যা সমাধানে সুরমা নদীর তীরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় তিনি ‘বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের’ ফলক উন্মোচন করেন। পরে মোনাজাত শেষে প্রকৌশলী প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পের তথ্য তুলে ধরেন। 

এসময় তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নকশা পর্যবেক্ষণ করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই পাড়ে প্রায় ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এ ছাড়া নগরীর ভেতর দিয়ে প্রবাহিত তিনটি গুরুত্বপূর্ণ ছড়া ও খালে স্লুইস গেট নির্মাণ করা হবে। বর্ষা মৌসুমে সুরমা নদীর পানি বেড়ে গেলে স্লুইস গেটগুলো বন্ধ করে দেওয়া হবে, যাতে নদীর পানি নগরে প্রবেশ করতে না পারে। পাশাপাশি নদীর দুই পাড় উঁচু করা হবে এবং প্রয়োজনীয় স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুরক্ষা দেয়াল নির্মাণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরবাসী জলাবদ্ধতা ও বন্যার হাত থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পাবে। বিশেষ করে বর্ষাকালে সুরমার পানি ছড়া ও খাল দিয়ে উল্টো নগরে প্রবেশ করার যে সংকট ছিল, তার অবসান ঘটবে। একই সাথে সুরমা নদীর দুই পাড় আধুনিক ও নান্দনিক রূপ পাবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী তার নির্ধারিত পরবর্তী কর্মসূচী হিসেবে নগর ভবন চত্বরে সুধী সমাবেশে অংশ নিতে রওনা হন।