সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সুরমা নদীর তীরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন।
‘সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে’ এই বিশাল সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। এ সময় মঞ্চে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে সুরমা নদীর পানি উপচে এবং ছড়া-খাল দিয়ে উল্টো পানি প্রবেশ করে সিলেট নগরীতে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই অভিশাপ থেকে নগরবাসীকে রক্ষায় সিসিক প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার এই প্রকল্প হাতে নিয়েছে। যার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর আজ প্রধানমন্ত্রীর হাত ধরে সম্পন্ন হলো।