প্রকাশিত : ০২ মে, ২০২৬ ১৩:১৭ (শনিবার)
এই সরকারের আমলেই সিলেট হবে ম্যানুফ্যাকচারিং হাব: মন্ত্রী খন্দকার মুক্তাদীর

সিলেটে কর্মসংস্থানের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, চাকরির সুযোগ কম থাকায় এখানকার তরুণদের একটি বড় অংশ বিদেশমুখী হয়ে পড়ছে।

শনিবার দুপুরে নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদীর বলেন, সিলেটে এখনো কোনো ম্যানুফ্যাকচারিং হাব গড়ে ওঠেনি, যা দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা। তবে বর্তমান সরকারের সময়েই নীতিগত সহায়তা নিশ্চিত করে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এর মাধ্যমে সিলেটকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সিলেটে উৎপাদিত পণ্য দ্রুত চট্টগ্রামে পৌঁছাতে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে সকালবেলা কার্গো ট্রেনে পণ্য পাঠিয়ে কয়েক ঘণ্টার মধ্যে বন্দরে পৌঁছে সেদিনই জাহাজীকরণ সম্ভব হয়।

এছাড়া নগরীর সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনলাইন জুয়া, মাদক এবং কিশোর গ্যাং কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।