প্রকাশিত : ০২ মে, ২০২৬ ১৪:৪১ (শনিবার)
বন্ধ থাকা সকল দেশের শ্রমবাজার আবার চালু হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশের অনেক শ্রমিক বিভিন্ন দেশে গিয়ে থাকেন। তবে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার আলোচনা করছে। দ্রুত সময়ের মধ্যেই এসব দেশের সঙ্গে সমঝোতার মাধ্যমে শ্রমিক পাঠানো আবারও শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধনের পর আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের অনুষ্ঠানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন যে সিলেটে শিল্প-কারখানা তুলনামূলক কম থাকায় অনেক তরুণ বেকার অবস্থায় রয়েছে। এ বিষয়ে তিনি মন্ত্রী খন্দকার মুক্তাদীরের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। তিনি বলেন, দেশের যেসব কলকারখানা বন্ধ রয়েছে, সেগুলো চিহ্নিত করে ধীরে ধীরে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।