ছবি: মাজহারুল ইসলাম।
হবিগঞ্জের চুনারুঘাটে সমাজসেবী ও চিকিৎসক ডা. মোহাম্মদ নূরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে পদক্ষেপ গণপাঠাগার প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
চুনারুঘাট প্রেসক্লাব, পদক্ষেপ গণপাঠাগার, চা শ্রমিক সেবক এবং ডা. মোহাম্মদ নূরুল ইসলাম স্মৃতি ইসলামি পাঠাগারের আয়োজনে এবং মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
আয়োজকরা জানান, তুমুল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রায় ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের জন্য মৌলভীবাজারে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

সুশৃঙ্খল ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা এবং চিকিৎসকদের নিবেদিত সেবায় সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন।
ক্যাম্পের উদ্যোক্তা ও সমন্বয়ক, প্রয়াত ডা. মোহাম্মদ নূরুল ইসলামের কনিষ্ঠ পুত্র সাইফুল ইসলাম জার্নাল বলেন, ‘আমার পিতা সমাজসেবী, ক্রীড়ামোদী, সাংস্কৃতিক কর্মী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তাঁর কাছ থেকেই মানবতার সেবায় কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’
তিনি আয়োজন সফল করতে সহযোগিতাকারী ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সমাজসেবক আলহাজ নূরুল ইসলাম তোতা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ আলী মীর, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, আমেরিকা প্রবাসী তাজুল ইসলাম, পদক্ষেপ গণপাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান ফিরোজ, এসএম মিজান, হুমায়ুন কবির মিলন, মাজহারুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, সিরাজুর রহমান সেলিম, নাসির উদ্দিন, মোহাম্মদ নূরুদ্দীন, লিটন মুন্ডাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন- আব্দুল্লাহ আল মোছাফফা নিপু ও আরিফুল হক শান্ত, রাকিব আহমেদ, ইফতেখার-উল-ইসলাম উৎস, আদেল চৌধুরী আদিব, নিপুন কাপালী, রেজুয়ানা ইসলাম উপমা, আল-আমিন, মোক্তাদির হোসেন, আরাফাত আহমেদ, মানজুরুল হক, রুবেল তালুকদার, আশফাকুল ইসলাম ঊর্ধ্ব ও আশরাফুল ইসলাম জারিফসহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, চুনারুঘাটের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ডা. নূরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।