ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ভেতরে সৃষ্ট মেঘমালার প্রভাবে আগামীকাল রোববার সিলেটসহ চারটি বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি টানা আরও চার দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
শনিবার (২ মে) সন্ধ্যায় দেওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, দেশের ভেতরে গঠিত মেঘমালার কারণে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জানান, সোম, মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এরপর বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টি।
পূর্বাভাসে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের কারণে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৬২ মিলিমিটার। সিলেটে ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারি এবং হাওর অববাহিকায় অতিভারি বৃষ্টির কারণে তিন জেলার পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত শুক্রবারের তুলনায় সুনামগঞ্জের নালজুর নদী ও নেত্রকোনার মগর নদীর পানি প্রায় শূন্য দশমিক ৮ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া নেত্রকোনার ভুসাই-কংস নদী, সোমেশ্বরী নদী এবং হবিগঞ্জের সুতাল নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, তাদের ৪৬টি বন্যা পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৯টিতে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, প্রাক-মৌসুমি বৃষ্টির কারণে নেত্রকোনা ও হবিগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, আগামী ৪৮ ঘণ্টায় এসব অঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে। পাশাপাশি মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলেও নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।