মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার জসিম মিয়াকে এ ঘটনায় আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। পরে মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।