প্রকাশিত : ০৩ মে, ২০২৬ ১৯:০৪ (রবিবার)
মধ্যনগরে ফসলরক্ষা বাঁধ ভেঙে ডুবছে হাওড়ের ধান

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে আরও একটি ফসলরক্ষা বাঁধ ভেঙে বোয়ালা হাওড়ে পানি প্রবেশ করেছে। এতে হাওড়ের অবশিষ্ট ধান তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

শনিবার (২ মে) সকালে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বাঁধ ভেঙে সোমেশ্বরী নদীর পানি হাওড়ে ঢুকতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে টানা বৃষ্টিপাতের কারণে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এতে কালভার্টের সামনের বাঁধ ভেঙে গেলে বোয়ালা হাওড়ে পানি ঢুকে পড়ে। সকালে ধান কাটতে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে অবহেলা ছিল। কালভার্টের মুখে থাকা বাঁধে প্রয়োজনীয় আড়-প্যালাসেটিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় সহজেই ভেঙে যায়।

মধ্যনগরের বোয়ালা গ্রামের কৃষকরা জানান, হাওড়ে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ধান কাটার উপযোগী ছিল। শনিবার সকালে শ্রমিক নিয়ে ধান কাটতে গিয়ে তারা দেখেন, বাঁধ ভেঙে ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।

মধ্যনগর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, প্রায় ২০ হেক্টর জমির ধান এখনো কাটা হয়নি এবং এসব জমির ফসল পানিতে ডুবে গেছে।

ঘটনাস্থলে স্থানীয় কৃষক, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকলেও পানির প্রবল স্রোতের কারণে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, `হাওড়ের অধিকাংশ ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধ ভেঙেছে। এজন্য তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়নি।'

অন্যদিকে, মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, নদীর পানি বেড়ে কালভার্টের ওপর দিয়ে পানি হাওড়ে প্রবেশ করছে। সকাল থেকে স্থানীয়দের নিয়ে চেষ্টা চালিয়েও পানি আটকানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কৃষকরা আগেই কিছু ধান কেটে নিয়েছিলেন। বাকি যেসব জমির ধান ছিল, সেগুলোর অনেকটাই আগের বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, এর আগে একই উপজেলার জিনারিয়া ও ইকরাছই হাওড়ের দুটি ফসলরক্ষা বাঁধ ভেঙে উল্লেখযোগ্য পরিমাণ ফসলহানি ঘটে।