ছবি: সংগৃহীত
দেশজুড়ে কয়েকদিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকায় কৃষি খাতে ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই মে মাসজুড়ে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি এবং তীব্র তাপপ্রবাহে ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
সংস্থাটি জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।