ছবি: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।
প্রতিবারের মতো এ বছরও সিলেট থেকে সরাসরি পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম সরাসরি ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
হজযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ।
রোববার (৩ মে) নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে হাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সিলেট থেকে মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি মদিনায় যাবে এবং বাকি ৬টি ফ্লাইট জেদ্দা রুটে পরিচালিত হবে।
এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে ৭টি ফ্লাইটে সৌদি আরব যাবেন। বাকি ৪৬১ জন যাত্রী ঢাকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা সম্পন্ন করায় ঢাকা হয়ে সৌদি আরব যাবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকায় বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হলেও সিলেট থেকে যাওয়া হজযাত্রীদের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।
প্রথম ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। ফ্লাইটগুলোর সময়সূচি যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ মে (দুইটি) এবং ১৮ মে নির্ধারণ করা হয়েছে।
হাব জানায়, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ন্যূনতম ২ হাজার যাত্রীর সীমা থাকলেও সিলেট অঞ্চলে এ নিয়ে বড় ধরনের কোনো জটিলতা হয়নি।
সিলেট অঞ্চলের ৩০টি হজ এজেন্সির মধ্যে এ বছর ২৩টি এজেন্সি হজ নিবন্ধনে অংশ নেয়। তাদের সম্মিলিত উদ্যোগে সকল যাত্রীর নিবন্ধন, ভিসা কার্যক্রম এবং সৌদি আরবে আবাসন ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
এছাড়া, সমন্বিত ব্যবস্থাপনার অংশ হিসেবে এবার ‘সিলেট অ্যালায়েন্স হজ ২০২৬’ নামে একটি প্ল্যাটফর্মের অধীনে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস লিড এজেন্সি হিসেবে হজ কার্যক্রম পরিচালনা করছে।
.jpg)
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাব সিলেট জুনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি আব্দুল কাদির,আটাবের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, হাবের সাবেক চেয়ারম্যান আজহারুল কবির চৌধুরী সন্জু, আটাবের সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, আটাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ,হাবের সাবেক সভাপতি মনসুর আলী খান, আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, হাব আঞ্চলিক সদস্য ফয়জুল বাসার, হাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ, হাব কেন্দ্রীয় সদস্য ইমরুর আহমেদ রকি প্রমূখ।