সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (৩ মে) রাত ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট, যা চলতি মৌসুমে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট।
এই ফ্লাইটের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে শুধু লাভজনক নয়, বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়াই সরকারের লক্ষ্য। তিনি আরও জানান, ভবিষ্যতে বহরে আরও উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি হজ মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে, যার মাধ্যমে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় অবতরণ করবে এবং বাকি ছয়টি জেদ্দা বিমানবন্দরে নামবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই ছয়টি ফ্লাইট ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে দুইটি এবং ১৮ মে পরিচালিত হবে।
মোট যাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাত্রা করবেন, আর ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরব যাবেন।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজে অংশ নেবেন। সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী প্রতিটি এজেন্সির জন্য ন্যূনতম দুই হাজার হজযাত্রীর সীমা রাখা হয়েছে।
বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এনামুল হক চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, বদরুজ্জামান সেলিম, এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমন এবং স্বাগত বক্তব্য দেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ।