ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর।
সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ শিশুর।
একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ সময়ে সারাদেশে ১৭ মৃত্যুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।