ছবি: সংগৃহীত
দেশে টানা বৃষ্টিপাতের পর আগামী প্রায় ১০ দিনের বেশি সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে কৃষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, আগামী ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেন তিনি।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল বিডব্লিউওটি। সংগঠনটির পক্ষ থেকে ফেসবুক পোস্টে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কয়েকদিন অনুকূল আবহাওয়া তৈরি হতে পারে। আরও গভীর পর্যবেক্ষণ শেষে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক অতিভারি বৃষ্টিপাতের মাত্রা কমে এসেছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
আবহাওয়ার এ সম্ভাব্য উন্নতিতে বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। দীর্ঘদিনের বৃষ্টিতে মাঠে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষকরা এখন রোদের আশায় দিন গুনছেন।