ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৯ জন নির্মাণশ্রমিক নিহত এবং ৫ জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ| শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
সোমবার (৪ মে) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন।
শোকবার্তায় তারা বলেন, রোববার সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৯ জন নির্মাণশ্রমিক নিহত এবং ৫ জন শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক| জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি| একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এইক সাথে দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।