প্রকাশিত : ০৪ মে, ২০২৬ ২১:০১ (মঙ্গলবার)
খাদ্যে ভেজাল প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও অভিভাবকের সচেতনতা জরুরি: তাহসিনা রুশদী লুনা

ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু সরকারি অভিযান ও জরিমানা যথেষ্ট নয়, এর জন্য মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। 

সোমবার (৪ মে) সকাল ১১টায় সিলেটের ওসমানীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাবারে ভেজাল মেশানোর কারণে যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্য ব্যবসায়ীদের দুনিয়া ও পরকালে শাস্তি পেতে হবে। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় মানুষের জীবন নিয়ে ব্যবসা করে, অথচ একসময় দেখা যায় তাদের নিজেদের সন্তানই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি শিশুদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

এ সময় ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ওসমানীনগর-বিশ্বনাথে শিক্ষার মান খুবই খারাপ। আপনারা শিক্ষকেরা ঠিকমতো ক্লাসে আসছেন কি না, তা নিয়মিত মনিটরিং করতে হবে।’

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসানের সভাপতিত্বে এবং এমটি ইপিআই নিউটন ধরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, ডাক্তার সাকিব আব্দুলাহ, মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল ও আনোয়ার হোসেন আনা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তাহসিনা রুশদী লুনাসহ অন্যান্য অতিথিবৃন্দ।