ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলের বন্ধ থাকা পাথর কোয়ারিগুলোর সর্বশেষ অবস্থা ও করণীয় নির্ধারণে সভা আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৭ মে) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে সভা আহ্বানের বিষয়টি জানানো হয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্ধারিত সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন।
দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন পাথর কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং জননিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কয়েকটি কোয়ারিতে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
তবে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন চালুর দাবি জানিয়ে আসছেন। জীবিকা সংকটের কথা তুলে ধরে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছেন।
গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকার স্থানীয়দের উদ্দেশে বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরিবেশের ক্ষতি এড়িয়েও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
আসন্ন এ সভাকে কেন্দ্র করে সিলেটের পাথর ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়দের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। সভায় কোয়ারিগুলোর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।