প্রকাশিত : ০৪ মে, ২০২৬ ২২:১০ (মঙ্গলবার)
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে অভিনেতা থালাপতি বিজয়

ছবি: থালাপতি বিজয়।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় এবার রাজনীতির ময়দানেও দেখালেন বড় চমক। দীর্ঘদিন অভিনয়ে জনপ্রিয়তার পর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ু রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, বিজয়ের প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। এর মাধ্যমে রাজ্যের প্রধান দুই দল দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম (এআইএডিএমকে)-সহ অন্যান্য দলকে পেছনে ফেলেছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবারের নির্বাচনে এমন ফলাফল নিঃসন্দেহে বড় চমক।

এই সাফল্য ঘিরে বিজয়ের বাড়িতে বইছে উৎসবের আমেজ। তার বাবা S. A. Chandrasekhar ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন তার ছেলে। পরিবারের সদস্যরাও আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন বিজয়। অভিনেত্রী তৃষা কৃষ্ণান নিজের জন্মদিনের সকালে তিরুপতির মন্দিরে প্রার্থনা শেষে বিজয়ের বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়েছে।

বিজয়ের এই অগ্রগতিতে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। এর মধ্যে রয়েছেন বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, নানি, টাইগার শ্রফ, কাজল আগরওয়াল, নিখিল সিদ্ধার্থ, অল্লু ভর্গেশ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার ও ভেঙ্কট প্রভুসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তারা বিজয়ের নতুন যাত্রার সাফল্য কামনা করেছেন।

নিজের প্রতিক্রিয়ায় বিজয় তামিলনাড়ুর জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের দৃঢ় মতামতের প্রতিফলনই এই ফলাফলে উঠে এসেছে। সব মিলিয়ে, তারকা থেকে জননেতা হয়ে ওঠার যাত্রায় বড় বার্তা দিয়েছে এই নির্বাচন। এখন দেখার বিষয়, এই অগ্রগতি ধরে রেখে শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারেন কি না তিনি।