প্রকাশিত : ০৪ মে, ২০২৬ ২২:১৮ (মঙ্গলবার)
মমতার হার, শুভেন্দুর জিত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার ভবানীপুর আসনে নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজেপি নেতা ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরেছেন মমতা ব্যানার্জি। এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ২০২১ সালে নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। পরে ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়ে তিনি আবার বিধানসভার সদস্য হন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তবে এবার রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির প্রভাব পড়েছে ভবানীপুরেও। দিনের শুরুতে ভোটগণনায় এগিয়ে থাকলেও বিকেলের দিকে ব্যবধান কমাতে শুরু করেন শুভেন্দু। একপর্যায়ে ভোটগণনায় মমতাকে ছাড়িয়ে যান তিনি।

এদিকে ভোটগণনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একপর্যায়ে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী দুজনই গণনাকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, দুই প্রার্থীর মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করা হয়।

সন্ধ্যার পর ভোটগণনার এক পর্যায়ে শুভেন্দু স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেলে মমতা ব্যানার্জি গণনাকেন্দ্র ত্যাগ করেন। এই ফলাফলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের অবসানের ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।