সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশুর বয়স ছিল ৫ ও ৬ মাস। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২০০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া ৬৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত বিভাগে মোট ১২৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে জানা গেছে, বাকিরা সন্দেহভাজন।
সন্দেহভাজন ২০০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এ ৬৬ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।