প্রকাশিত : ০৫ মে, ২০২৬ ২২:০৬ (শনিবার)
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় ভারত-চীন

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বিশ্বের দুই বৃহৎ বাজার ভারত ও চীন। কোটি কোটি ফুটবলপ্রেমী থাকা সত্ত্বেও এখনো দুই দেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৭৫টি অঞ্চল ও দেশের সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে ভারত ও চীনের ক্ষেত্রে আলোচনা এখনো চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে খেলা দেখার মোট সময়ের প্রায় ৪৯ দশমিক ৮ শতাংশই ছিল চীনা দর্শকদের। ফলে বিশাল দর্শকসংখ্যা থাকা সত্ত্বেও চীনে এখনো সম্প্রচার চুক্তি না হওয়া বিস্ময় তৈরি করেছে।

ভারতের পরিস্থিতিও প্রায় একই। দেশটিতেও এখন পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ভারত ও চীনের মতো বড় বাজারে চুক্তি ঝুলে থাকা বেশ অস্বাভাবিক। কারণ ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম অনেক আগেই স্বত্ব নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল।

আগামী ১১ জুন বিশ্বকাপ শুরুর কথা রয়েছে। কিন্তু সম্প্রচার চুক্তি চূড়ান্ত করা, প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করা এবং বিজ্ঞাপন বিক্রির জন্য হাতে খুব কম সময় রয়েছে। এতে সম্প্রচারকারীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও অনিশ্চয়তায় রয়েছেন।

ফিফা এখনো আশাবাদী যে, বিশ্বকাপ শুরুর আগেই ভারত ও চীনের সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত হবে। তবে সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে জটিলতা।