প্রকাশিত : ০৬ মে, ২০২৬ ১৯:১৩ (বৃহস্পতিবার)
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেলো

ছবি: সংগৃহীত

পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বাংলাদেশে ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে দেশটিতে আরবি জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সৌদিতে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবে ১০ জিলহজ পড়বে ২৭ মে।

এদিকে পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে, যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের দিন পড়বে ২৬ মে এবং ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই জিলহজ মাসের শুরু নির্ধারণ করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে বাংলাদেশে ঈদুল আজহার সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।