ছবি: ইস্টার্ন রিফাইনারি।
দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) নতুন চালান দেশে পৌঁছানোয় এ কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপরিশোধিত তেলের একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে।
প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন থাকায় উৎপাদন সীমিত রাখা হবে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মামুনুর রশীদ খান আরও বলেন, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি বুধবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা অপরিশোধিত তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে।
সূত্র আরও জানায়, চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি অপরিশোধিত তেলের চালান দেশে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, `আজ দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল থেকেই সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।'