প্রকাশিত : ০৬ মে, ২০২৬ ২১:০৭ (বৃহস্পতিবার)
জিতলে তৃণমূল, হারলে ‘স্বতন্ত্র’ সুমন

ছবি: কবীর সুমন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দীর্ঘদিনের তৃণমূলঘনিষ্ঠ সংগীতশিল্পী কবীর সুমন বলেছেন, তিনি কখনোই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন না এবং দলটির আদর্শের অনুসারীও নন।

কলকাতার সংবাদমাধ্যম আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। মমতা আমার প্রায় হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ২০০৯ সালে পশ্চিমবঙ্গের জাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও মেয়াদ শেষে নিজেই পদত্যাগ করেন।

সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের ভরাডুবি নিয়ে মন্তব্য করতে গিয়ে কবীর সুমন বলেন, ‘যেভাবে ভোট হলো, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি ট্যাংক ঢুকবে। তবে জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘একাধিক ভুল হয়েছে। বিশেষ করে চাকরির ক্ষেত্র ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালোভাবে নেয়নি। মমতা মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিকভাবে করতে পারেননি।’

তবে সমালোচনার পাশাপাশি মমতার কিছু উদ্যোগের প্রশংসাও করেন এই গায়ক। তিনি জানান, এবারের নির্বাচনেও তিনি তৃণমূলকেই ভোট দিয়েছেন।

কবীর সুমন বলেন, ‘আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি। কিন্তু দলের কাজকর্মে খুশি হতে পারিনি। অনেক আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা অনেক ভালো কাজও করেছেন। যেমন ‘সবুজ সাথী’। বাচ্চারা সাইকেল পেয়েছে—এটা বড় কাজ।’

পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন সুমন। তার মতে, সমাজে এখনো মুসলমানদের আলাদা করে দেখার প্রবণতা রয়েছে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ভোট হলে তিনি আবারও তৃণমূলকেই ভোট দেবেন। তবে ভবিষ্যতে শক্তিশালী কোনো কমিউনিস্ট দল সামনে এলে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে এবং প্রয়োজনে তাদের জন্য গানও লিখবেন।

কবীর সুমনের এ মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন তৃণমূলের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত এই শিল্পীর এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।