প্রকাশিত : ০৬ মে, ২০২৬ ২২:০০ (বৃহস্পতিবার)
বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী চাকরির ঘোষণা

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে সাধারণত মোটা অঙ্কের খরচ করতে হয়। ভ্রমণ, টিকিট ও থাকা-খাওয়ার ব্যয় মিলিয়ে দর্শকদের পকেট বেশ ভারী হওয়া লাগে। তবে এবার বিশ্বকাপ ঘিরে এসেছে এক ব্যতিক্রমী চাকরির সুযোগ, যেখানে সব ম্যাচ দেখার বিনিময়ে মিলবে লাখ লাখ টাকা।

ফক্স স্পোর্টস ও চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম ইনডিড যৌথভাবে এমন একজন ফুটবলপ্রেমী খুঁজছে, যার একমাত্র দায়িত্ব হবে আসন্ন বিশ্বকাপের সবকটি ১০৪টি ম্যাচ দেখা।

এই বিশেষ পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান। তবে সুযোগটি পাবেন মাত্র একজন।

নির্বাচিত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষভাবে নির্মিত একটি কাচের কিউবের ভেতরে বসে ফক্স ওয়ান প্ল্যাটফর্মে প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে। শুধু খেলা দেখাই নয়, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে, যাতে পথচারী ও পর্যটকরাও এ অভিজ্ঞতার অংশ হতে পারেন।

আয়োজকদের ভাষ্য, এটি চলতি মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় চাকরিগুলোর একটি। শুধুমাত্র সেই ফুটবলপ্রেমীকেই বেছে নেওয়া হবে, যিনি ব্যতিক্রমী এই অভিজ্ঞতার জন্য পুরোপুরি প্রস্তুত।

আগ্রহীরা ইনডিড প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে এবারের ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।