ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১১ মে পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন হবে ৮ মে বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী দিনসহ প্রতিদিনই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
৯ মে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।
১০ মে তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এদিন বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
১১ মে সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’, নির্দেশনায় থাকবেন আজাদ আবুল কালাম।
এ ছাড়া দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতেও কবিগুরুর স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাঁর সৃষ্টিকর্মভিত্তিক নানা আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকবে।