প্রকাশিত : ০৭ মে, ২০২৬ ২০:০০ (শুক্রবার)
সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মুক্তাদির ও লুনা

ছবি: খন্দকার আবদুল মুক্তাদির ও মোছা. তাহসিনা রুশদীর লুনা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ সদস্য হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবমনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পিকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, সিকৃবির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।