প্রকাশিত : ০৮ মে, ২০২৬ ১৭:৫১ (শনিবার)
 ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে সিলেটের এআইবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বাণিজ্যমন্ত্রী

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন, এনডিইউ, পিএসসি (অব:)। এসময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর উন্মুক্ত মতবিনিময় সভা। শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, শিল্পখাত ও জাতীয় উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান।
এসময় মন্ত্রী এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিষ্ঠানটির একাডেমিক অগ্রগতি এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
সিলেট অঞ্চলে এমন একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করে বলেন, “এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং অচিরেই এটি বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে”।