প্রকাশিত : ০৮ মে, ২০২৬ ১৯:০৬ (শনিবার)
নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় এবার বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন পেনশনভোগীরাও। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কিছু পেনশনধারীর মাসিক পেনশন দ্বিগুণ করার পাশাপাশি বৈশাখী ভাতা ও টিফিন ভাতার হারও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন ১০০ শতাংশ বা দ্বিগুণ করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন ব্যক্তিদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মাসিক ২০০ টাকার টিফিন ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে মাসিক ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী অর্থবছরের বাজেটে মূল বেতনের একটি অংশ কার্যকর করতে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রাথমিক বরাদ্দের খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে ভাতাসহ পূর্ণাঙ্গ সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন গত জানুয়ারিতে এ সংক্রান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকেই ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে।