ছবি: আহমাদুল কবির।
বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা দেয়ারওয়ার্ল্ড এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম। এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির ইয়ুথ টিম।
দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর প্রোগ্রামটি তরুণ শিক্ষা-অধিকার কর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। বিশেষভাবে প্রস্তুতকৃত প্রশিক্ষণ মডিউল, কর্মশালা এবং বিভিন্ন রিসোর্সের মাধ্যমে সদস্যরা নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশের তরুণরা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থেকে নিজ নিজ সম্প্রদায় ও দেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন। পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও শিক্ষার অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতেও তারা ভূমিকা রাখছেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন–এর স্ত্রী সারা ব্রাউন–এর উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় দেয়ারওয়ার্ল্ড। সংস্থাটি বিশ্বব্যাপী শিক্ষা সংকট নিরসন, শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা ব্রাউন সংস্থাটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রফিকুল ইসলাম মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি “বেস্ট স্টুডেন্ট স্টাফ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেছেন এবং প্রযুক্তি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেসিআই মালয়েশিয়া এর স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি বাংলাদেশে অনলাইন ও অফলাইন শিক্ষাদানের মাধ্যমে চার হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছেন। এছাড়াও যুব নেতৃত্ব বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
রফিকুল ইসলামের এই আন্তর্জাতিক অর্জন প্রবাসী বাংলাদেশি তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।