প্রকাশিত : ০৯ মে, ২০২৬ ১৬:০৭ (শনিবার)
সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা

সিলেটে মহানগর বিএনপির নেতা নাসিম হোসাইনের স্বত্ত্বাধিকারী বিকাশ ডিলার হোসাইনটেলিকম এর ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নাসিম হোসাইনের নিজস্ব কর্মীরাও রয়েছেন।  গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমা, শেখপাড়া, শফিকুর রহমানের ছেলে শাহেদ আহমদ (৪২), নুরজাহান চা বাগান, কমলগঞ্জ, সৈয়দ আহমদের ছেলে কামাল হোসেন (৩৫), কচুপাড়া, কানাইঘাট, রফিকুল হকের ছেলে আদনান (৩৮), লালারচক, কানাইঘাট, নবীব আলীর ছেলে আবু তাহের (২৬), করইমুড়া, জকিগঞ্জ, প্রমেশ বিশ্বাসের ছেলে রুপায়ন বিশ্বাস (৪০), সদরখলা, দক্ষিণ সুরমা, সামছু মিয়ার ছেলে রোমান আহমদ (৪৪), কালাইগুল, রাজনগর, তজমুল আলীর ছেলে সালমান আহমদ (২৮), বাউনপুর, বিশ্বনাথ, নজির আহমদের ছেলে গোলাম শহীদ (২৯), কচুপাড়া, কানাইঘাট, রফিক আহমদের ছেলে জুনায়েদ (২২)।

শুক্রবার রাতে মোঘলাবাজার থানায় দায়ের করা মামলায় দাবী করা হয়, সকাল পৌনে ১১টার দিকে হোসাইন টেলিকমের কর্মীরা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের বিতরণের জন্য ৮১ লাখ ২০ হাজার টাকা প্রাইভেট কারে নিয়ে যাচ্ছিলেন। লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিন আরোহীর মোটরসাইকেল গাড়িটিকে থামার সংকেত দেয়। গাড়ির ড্রাইভার গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) মঞ্জুরুল আলম  জানান,  গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি জানার পরও গাড়ির গতি কমায়, যা ছিনতাইকারীদের সুযোগ দেয়। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ, সালমান আহমদ, গোলাম শহীদ ও জুনায়েদ ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে গাড়ির গতিবিধি সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারেন।মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।

মোগলাবাজার থানার মামলায় ডাকাতির অভিযোগে ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটককৃতদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে।