ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। তবে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে একাধিক কঠোর শর্ত আরোপ করেছে তেহরান।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ার পর থেকেই আসন্ন বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নতুন ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তা কিছুটা কমলেও উত্তেজনা এখনও বহাল রয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে আয়োজক দেশগুলোকে অবশ্যই ইরানের নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগ বিবেচনায় নিতে হবে।
ফেডারেশনটি আরও জানায়, তারা তাদের ‘আদর্শ, সংস্কৃতি ও বিশ্বাস’ অক্ষুণ্ণ রেখেই বিশ্ব আসরে অংশ নেবে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে তারা আয়োজক দেশগুলোর কাছে ১০ দফা শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে- দলীয় কর্মকর্তা ও খেলোয়াড়দের জন্য নিরবচ্ছিন্ন ভিসা সুবিধা নিশ্চিত করা, এবং টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও সংগীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন।
এছাড়া বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
অন্যদিকে, গত মাসে ফিফা কংগ্রেসের আগে আইআরজিসি-র (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফেডারেশন প্রধানের কানাডায় প্রবেশে বাধা দেওয়ার ঘটনাই এই কূটনৈতিক টানাপোড়েনের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ইরান নিজেদের অবস্থান আরও কঠোর করেছে বলে বিশ্লেষকদের মত।