ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত সরকার। একইসঙ্গে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাইকমিশন-এ পাঠানো এক নোট ভারবালে এ তথ্য জানানো হয়েছে।
নোটে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে, তা দেশটির প্রচলিত আইন, বিধি এবং বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় নেওয়া হচ্ছে।
ভারত দাবি করেছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৬২ জন অবৈধ বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়ে আসছে তারা। তবে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি এবং বিভিন্ন কারণে যাচাই প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে।
নোট ভারবালে আরও বলা হয়, এসব মামলার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। এ সময়ের মধ্যে নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ জানিয়ে ১ হাজার ১৩৭টি নোট ভারবাল এবং ৪৫৬টি সমন্বিত অনুস্মারক পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেছে ভারত।
তবে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর কোনো জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ অবস্থায় নাগরিকত্ব যাচাই এবং ভারতে অবস্থানরত সব অবৈধ বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসনের বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এর উদ্দেশে পাঠানো ওই নোট ভারবালে বাংলাদেশ সরকারের প্রতি সর্বোচ্চ সম্মান ও বিবেচনার আশ্বাসও পুনর্ব্যক্ত করেছে ভারত।