সিলেট মহানগরজুড়ে টানা অভিযানে ৬৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। যার মধ্যে সোমবার (১১ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে আরও ২৭ জনকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলার ২ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ১ জন, ১৬ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, ৩ জন সন্দেহজনক ব্যক্তি, বিনা পরোয়ানায় ১ জন এবং ২ জন হকারকে আটক করা হয়।
এর আগে রোববার (১০ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশে মোট ৩৭ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করা হয়। একই সঙ্গে মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ২৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, এয়ারপোর্ট থানা এলাকায় অভিযানে ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ৮৮৯২ পিস কসমেটিকস উদ্ধার করা হয়েছে। এছাড়া শাহপরান থানা ও কোতোয়ালী মডেল থানা এলাকাতেও পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।