প্রকাশিত : ১১ মে, ২০২৬ ১৯:১০ (সোমবার)
সিলেটে আসছে ৯ দিনের বৃষ্টি বলয়

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আবারও সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। আবহাওয়া পর্যবেক্ষক দল- বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ অথবা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এই বৃষ্টি বলয়।

সংস্থাটি জানিয়েছে, এর প্রভাবে ১২ মে থেকে ২০ মে পর্যন্ত টানা ৯ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি একটানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে।

বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগে। সেই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি। ফলে সিলেটজুড়ে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের পাশাপাশি রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি বলয়টি বেশি সক্রিয় থাকবে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হতে পারে, তবে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চল- বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্নভাবে হালকা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও বাইরে চলাচলকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।