ছবি: সিসিক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে রয়েছে। কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ করা হলেও এসব এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম অতীতে সেভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে বর্ধিত ওয়ার্ডগুলোর মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকেলে সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ডের বড় শাহপুর যুবকল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন এবং বৃহত্তর শাহপুর গ্রামবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, ‘পুরোনো ওয়ার্ডগুলোর মতো নাগরিক সুবিধা পাওয়া সম্প্রসারিত ওয়ার্ডের মানুষেরও অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেই অধিকার থেকে বঞ্চিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি। সীমিত সামর্থ্য ও সম্পদের মধ্যেও এসব এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ, সড়ক আলোকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সাল থেকে সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়ায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি জানি এসব এলাকার মানুষের দুর্ভোগ কতটা ছিল। একসময় যোগাযোগ ব্যবস্থা এতটাই অনুন্নত ছিল যে, শহরে এসে মানুষকে রাতে থেকে যেতে হতো। ২০০১ সালে মরহুম এম সাইফুর রহমান এসব এলাকায় অনেক উন্নয়ন করেছিলেন। এরপর দীর্ঘ সময় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।’
শাহপুর এলাকাবাসীর বিভিন্ন দাবির বিষয়ে সিসিক প্রশাসক বলেন, ‘এলাকাবাসীর চাহিদা ও প্রয়োজন বিবেচনায় সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। জনগণের কল্যাণ করাই সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব। তাই নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নগরবাসীর জন্য কাজ করে যাব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি আবুল হাসনাত।
বৃহত্তর শাহপুর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালাল উদ্দিন আল কাদরী।