ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে আরেকটি ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
এই জয়ের মাধ্যমে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারানোর কীর্তি গড়লো বাংলাদেশ। একই সঙ্গে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয় হিসেবেও ইতিহাসে জায়গা করে নিল।
গত শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানের সেঞ্চুরি, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৪১৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের অভিষিক্ত আজান আওয়াইস ১০৩ রানের সেঞ্চুরি করেন। এছাড়া আব্দুল্লাহ ফজল ৬০, মোহাম্মদ রিজওয়ান ৫৯ এবং সালমান আলি আগা ৫৮ রান করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তান গুটিয়ে যায় ৩৮৬ রানে। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। এবারও ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও মুমিনুল হক (৫৬)। তাঁদের ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৬৩ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের জয়ের নায়ক তরুণ পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।
এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল এখন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।