সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৮৪ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (১৩ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ির রেণু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুন।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।