ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রাথমিক অনুমোদন সাপেক্ষে দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আগামী জুলাই থেকে বন্ধ বা অবসায়নের প্রক্রিয়ায় যাচ্ছে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক দুরবস্থায় থাকা কয়েকটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পর অবসায়নের প্রক্রিয়া শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে। দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দায়-দেনা, আমানতকারীদের স্বার্থ এবং সম্পদ ব্যবস্থাপনা পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এ প্রক্রিয়ায় আইনগত ও প্রশাসনিক বিভিন্ন ধাপ অনুসরণ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও কার্যত অকার্যকর হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। জুলাই থেকে শুরু হওয়া এ প্রক্রিয়াকে সেই উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।