প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ১৩:২৫ (বৃহস্পতিবার)
সিলেটে চলন্ত ট্রেনে আ/গুন: অল্পের জন্য রক্ষা

সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক, শিববাড়ি এলাকার কাছাকাছি চলন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।

ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর এগোতেই ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানান স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। অল্প সময়ের মধ্যেই সেখানে আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পরে চালক দ্রুত গতি কমিয়ে আনলে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইঞ্জিনের সাইলেন্সারের কাছে কাপড়জাতীয় কিছু শুকাতে দেওয়ার কারণে অতিরিক্ত তাপে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ইঞ্জিনের ওপর রাখা কোনো বস্তা থেকেও আগুনের উৎপত্তি হতে পারে।

তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।