ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া কৃষক সাদেক মিয়ার (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদেক মিয়া লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে হাওড় থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় সাদেক মিয়া ও তার ভাই ফরাশ মিয়া নৌকাযোগে দ্রুত বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতের প্রচণ্ড শব্দে সাদেক মিয়া নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
নিহতের ভাই ফরাশ মিয়া জানান, ঝড় শুরু হলে তারা দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সাদেক নৌকার মাথায় বসে একটি অ্যালুমিনিয়ামের পাত্র মাথায় দিয়ে ছিলেন। বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা, লাখাই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালানোর পর দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক বলেন, স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে সেটি সাদেক মিয়ার বলে শনাক্ত করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘নিখোঁজ সাদেক মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।