ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।