প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ২০:১০ (শুক্রবার)
আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৪ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিলামে কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসেই এখন পর্যন্ত মোট ২১ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। এখন পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৮ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার ক্রয় কার্যক্রমকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং রিজার্ভ ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বাজার পরিস্থিতি বিবেচনায় ডলার কেনা-বেচার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।