ছবি: সংগৃহীত
দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে চীনে আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিএমজি (চায়না মিডিয়া গ্রুপ)-এর সঙ্গে এ চুক্তি চূড়ান্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় আগে এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে চুক্তির আর্থিক মূল্য কিংবা এটি ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপকেও অন্তর্ভুক্ত করছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ছিল চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা সিসিটিভির কাছে। প্রতিষ্ঠানটি সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই প্রচারণা ও বিজ্ঞাপন কার্যক্রম শুরু করত। কিন্তু এবার তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ফিফা পূর্বে জানিয়েছিল, বিশ্বব্যাপী প্রায় ১৭৫টি অঞ্চল বা বাজারে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে চীন ও ভারতের মতো বড় বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা রয়ে গিয়েছিল।
এই প্রেক্ষাপটে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম সম্প্রতি বেইজিং সফর করেন এবং চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই সিএমজির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে জানা গেছে।
রয়টার্স আরও জানায়, এর আগে চীনে বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুকেও সাব-লাইসেন্স দেওয়া হয়েছিল। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রচারের নতুন ধারা তৈরি হয়। তবে এবারের চুক্তির কাঠামো ও ডিজিটাল সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
চীনের মতো বড় বাজারে সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হওয়ায় বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।