ছবি: সংগৃহীত
শ্রীলংকার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ‘আইসিরি সেন্ট্রাল হাসপাতাল’-এর মূল প্রতিষ্ঠান সফট লজিক হোল্ডিংয়ের চেয়ারম্যান অশোক পাথিরেইজ বলেছেন, প্রাথমিকভাবে বিশেষ প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ থেকে রোগীদের কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভারতের তুলনায় সাশ্রয়ী হবে।
গত সপ্তাহে রাজধানী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অশোক পাথিরেইজ বলেন, বাংলাদেশের সেবা খাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে সফট লজিক গ্রুপ বাংলাদেশে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কেনার সিদ্ধান্ত নিয়েছে। সফট লজিক গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান হলো আইসিরি হাসপাতাল, যা শ্রীলংকার বেসরকারি খাতে সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে পরিচিত।
তিনি জানান, হাসপাতালটির শ্রীলংকায় ছয়টি শাখা রয়েছে। এসব শাখার সব চিকিৎসকই বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। ক্যানসার, নিউরো, কার্ডিয়াক ও আইভিএফসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় হাসপাতালটি জনপ্রিয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রতি বছর প্রায় ৩৫০ কোটি ডলার বিদেশে চিকিৎসা ব্যয়ে খরচ করেন। এর বড় অংশ ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে যায়। এই রোগীদের একটি অংশকে শ্রীলংকার দিকে আকৃষ্ট করতে বিশেষ প্যাকেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অশোক পাথিরেইজ বলেন, বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা, পরিবারের সদস্যদের থাকা-খাওয়া এবং বিমান ভাড়া অন্তর্ভুক্ত করে আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হবে, যাতে তারা কম খরচে উন্নত চিকিৎসা নিতে পারেন।
তিনি আরও জানান, ওপেন-হার্ট সার্জারির ক্ষেত্রে আইসিরি হাসপাতালে প্রায় ৬ হাজার মার্কিন ডলার খরচ হয়। বাংলাদেশি রোগীদের জন্য ভারতের চেয়েও কম মূল্যে এই সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় আইসিরি হাসপাতালের প্রধান অফিসার কেভিন হিয়ানকি চেং এবং চিফ অপারেটিং অফিসার ডা. সামান্তি ডি সিলভা উপস্থিত ছিলেন।